করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। গতকাল রবিবার রাত ১০টার দিকে চিকিত্সকেরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত দেন বলে জানিয়েছেন তার ছেলে মাশুক আলমগীর রাজীব। মাশুক জানান, কিছুক্ষণ আগে তার বাবার অক্সিজেন স্যাচুরেশন ৪৫-এ নেমে আসে, যার কারণে চিকিত্সকেরা তাকে ভেন্টিলেশন নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০-এ উন্নীত হয়েছে। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন মাশুক। এর আগে মাশুক জানিয়েছিলেন, তার বাবার ফুসফুস ৬০ শতাংশ সংক্রমিত। স্বাভাবিক নিয়মে তাকে খাবার খাওয়ানো যাচ্ছে না। নল দিয়ে তরল খাবার দিতে হচ্ছে।
ঢাকার গুলশানের একটি হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে ভর্তি করা হয় করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে। এর আগে কয়েক দিন ধরে তিনি জ্বর ও খুসখুসে কাশিতে ভুগছিলেন। পরে তিনি চিকিত্সকের শরণাপন্ন হন। চিকিত্সকের পরামর্শমতো কোভিড-১৯ পরীক্ষা করিয়ে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।
