মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা ১ম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দায়ে সাত কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। গত সোমবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাহবুব হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিবরা হলেন ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব সাহেদা আকতার, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রফিকুল ইসলাম, মিউনিসিপ্যাল সিটি করপোরেশন মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব শাহেদুল কবির চৌধুরী, উখিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আমিনুল এহসান মানিক, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রোকেয়া খানম, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব নাসির উদ্দিন এবং পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবুল হাশেম। অব্যাহতি পাওয়া এসব কেন্দ্র সচিবের স্থানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওএফএম ইউনুছ, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোঃ শফিকুল ইসলাম, মিউনিসিপ্যাল সিটি করপোরেশন মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আবদুল হক, উখিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোঃ ইদ্রিছ মিয়া, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ফাতেমা জাহান, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোঃ নাজিম উদ্দিন এবং পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আবদুল কাদেরকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র জানায়, চট্টগ্রাম ও কক্সবাজারের সাত কেন্দ্র সচিব বাংলা ১ম পত্রের পরীক্ষায় নির্বাচনী অংশে কিছুসংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নির্ধারিত সিলেবাসের প্রশ্নপত্রের পরিবর্তে ভিন্ন সিলেবাসের প্রশ্নপত্রে নিয়েছেন। যা এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা-২০১৯ এবং কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। এ জন্য তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব কেন্দ্রে নতুন কেন্দ্র সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র সচিবদের ভুল দাবি করে শিক্ষাবোর্ড সূত্র জানায়, উত্তরপত্র মূল্যায়নের সময় ভুলের শিকার শিক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হয়, তা নিশ্চিত করা হবে।
হাটহাজারীতে পরীক্ষার্থী ও পরিদর্শকসহ বহিষ্কার ৪
এদিকে হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, হাটহাজারীতে এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শনে গিয়ে এক শিক্ষার্থীকে মোবাইলে ছবি তুলে প্রশ্ন পাচার করার সময় হাতেনাতে ধরে এবং দায়িত্বে অবহেলার কারণে তিনজন কক্ষ পরিদর্শকসহ মোট চারজনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী (ভূমি) কমিশনার সম্রাট খীসা উপজেলার কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এ অভিযান চালান। বহিষ্কার হওয়া শিক্ষার্থীর নাম রিফাত উদ্দীন এবং বহিষ্কৃত কক্ষ পরিদর্শকরা হলেন মাওলানা শফিউল আলম, মোঃ আব্দুল জলিল এবং মোঃ ইউসুফ আলী।
