প্রাণিজগত্

নতুন প্রজাপতি

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৯:৫৪

প্রকৃতিবিদ, প্রাণীবিজ্ঞানী ও পতঙ্গবিজ্ঞানীদের নিবিড় পর্যবেক্ষণে এখন পর্যন্ত বাংলাদেশে কয়েক শ প্রজাতির প্রজাপতি আবিষ্কৃত হয়েছে। এবার সেখানে নতুন সংযোজন ঘটালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের দুই তরুণ গবেষক দীপ্ত বিশ্বাস ও রিপন রায়। এ বছরের ৩১ মার্চ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মহাদেবপুরে ব্যতিক্রমধর্মী এক প্রজাপতির সন্ধান পান তাঁরা। যা বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি। ডার্ক ক্লাউডেড ইয়েলো নামে সর্বাধিক পরিচিত প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম Colias fieldii, যা পিয়েরিডি গোত্রের অন্তর্গত। এর আগে এটি কেবল ভারত, চীন, ইরান, থাইল্যান্ড, মিয়ানমার, লাওস এবং ভিয়েতনাম অঞ্চলেই রয়েছে বলে মনে করা হতো। গত ২৪ জুন একটি আন্তর্জাতিক জার্নালে ঐ দুই তরুণের গবেষণাকর্মটি প্রকাশিত হয়।

গবেষণাপত্রে ডার্ক ক্লাউডেড ইয়োলোর শনাক্তকারী বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। প্রজাপতিটির ডানার উপরিতল ঘন-কমলা-হলুদযুক্ত। ডানার নিম্নতলের রং হালকা কমলা-হলুদ ও হালকা ফ্যাকাশে সবুজ আঁশে ছাওয়া। সামনের ডানার মধ্য ও নিম্নভাগের পোস্ট-ডিসকাল অংশে কালো ছোপের সারি এবং সর্বনিম্ন ছোপটি আকারে বৃহত্তর। এছাড়া পেছনের ডানাটি সম্পূর্ণই হালকা হলুদ এবং ডিস্কাল অংশে দুটি সুস্পষ্ট রুপালি ছোপ ও ফ্যাকাসে গোলাপি রিং বিদ্যমান।

তানভীর তানিম