পুরোপুরি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বিটিভির এবারের ঈদ ‘আনন্দমেলা’। প্রচলিত মেলায় আমরা যা দেখি, তার সবই রয়েছে এবারের আনন্দমেলার সেটে। মূলত আমাদের সংস্কৃতি থেকে ক্রমশ হারিয়ে যেতে থাকা মেলাকে ঘিরেই তৈরি হয়েছে ঈদ ‘আনন্দমেলা’। এখানেও দেখা যাবে যাত্রার প্যান্ডেল, সার্কাস, পুতুল নাচ, বায়োস্কোপ, নিশানা লাগানো, চুড়ি, মুড়ি-মুরকির দোকান, মিষ্টির দোকান, বেতের নানা উপকরণের দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই, খাবার ও পোশাকের দোকান। প্রতিটি দোকানকে কেন্দ্র করে তৈরি হবে নানা ঘটনা এবং এগিয়ে চলবে আনন্দমেলার কাহিনি। আনন্দমেলায় স্বামী-স্ত্রীর ভূমিকায় হাজির হয়ে উপস্থাপনা করেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। আনন্দমেলার মঞ্চ দিয়েই উপস্থাপক হিসেবে তাদের দু’জনের প্রথমবার একসঙ্গে জুটি বাধা। এবারের আনন্দমেলার আয়োজনে থাকছে প্রয়াত পপ সম্রাট আজম খানের ৩টি গানের কোলাজ করে একটি গান। এটি পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। গানটি গেয়েছেন সংগীতশিল্পী মেহেরীন, আলিফ আলাউদ্দিন ও আরমিন মুসা। এছাড়াও ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানটি নতুনভাবে ফিউশন করে উপস্থাপন করা হয়েছে। গেয়েছেন পুলক অধিকারী, রেজওয়ান, অনন্যা, বিপাশা ও মৃদুলা। জীবনের সবচেয়ে বড় আনন্দ যে মানবতার সেবার মধ্যে, গানে গানে এই কথাগুলোই ফুটিয়ে তুলবেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ। মৌলিক এই গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন তিনি নিজেই। দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত সব মিষ্টির নাম নিয়ে তৈরি করা হয়েছে আরেকটি মৌলিক গানটি। গানটির গীতিকার লিটু সাখাওয়াত। সুর ও সংগীত পরিচালনা করেছেন এজাজ ফারাহ। কণ্ঠ দিয়েছেন এজাজ ফারাহ, নিয়াজ মাখদুম ও সাদিত। বিগত পাঁচ দশকের পাঁচ জনপ্রিয় নায়িকা শবনম, ববিতা, অঞ্জু ঘোষ, মৌসুমী, ও মাহিয়া মাহির জনপ্রিয় বিভিন্ন সিনেমার গানের কোলাজ করে আলাদাভাবে ৩টি নৃত্য পরিবেশন করেছেন এ সময়ের জনপ্রিয় তিন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও বিদ্যা সিনহা মিম। দর্শকদের বৈচিত্র্য দিতে তৈরি হয়েছে সমাজ সচেতনমূলক ৩টি নাট্যাংশ। যেখানে অভিনয় করেছেন রিয়াজ, স্পর্শিয়া, মিশা সওদাগর, আতাউর রহমান, জিল্লুর রহমান, আহসানুর রহমান, হুমায়ুন কাবেরী, গাজী রোকন ও যাদু। বিটিভির এবারের আনন্দমেলা প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও এল রুমা আক্তার এবং অনুষ্ঠানটির পাণ্ডুলিপি লিখেছেন লিটু সাখাওয়াত। আনন্দমেলা বিটিভিতে প্রচারিত হবে আগামীকাল রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
