এবারের ঈদে সকাল আহমেদের ৮ নাটক

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৯:৫৭

বর্তমান শটকার্ট নির্মাণের যুগে একেবারেই বিপরীত নির্মাতা সকাল আহমেদ। কাজের প্রতি নিষ্ঠা আর ভালোবাসা তার প্রতিটি নির্মাণেই ফুটে ওঠে। তাই তার নাটকের প্রতি দর্শক চাহিদাও সবসময় লক্ষ্য করা যায়। দর্শক রুচির বিষয়টি মাথায় রেখে তিনিও নির্মাণে ভিন্নতা আনার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও ৮টি নাটক নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে আরটিভিতে প্রচার হবে ‘আমি বিয়ে করবো না’, ‘আমার বউ কমিশনার’ ও ‘শেষ প্রান্তে’, বাংলাভিশনে প্রচার হবে ‘হরতনের বিবি’, এনটিভিতে ‘বদলে যাওয়া মানুষ’, এটিএন বাংলায় ‘স্বামী রহিম’ ও ‘বগা ফান্দে’ এবং নাগরিক টিভিতে প্রচার হবে ‘প্রেম নাকি মোহ’। একসঙ্গে একাধিক নাটক নির্মাণে কাজের মান কতটা ধরে রাখা সম্ভব? এমন প্রশ্নে সকাল আহমেদ বলেন, ‘অন্যের কথা বলতে পারবো না। তবে আমি প্রতিটি কাজই গুছিয়ে মানসম্মতভাবে করার চেষ্টা করি। এবারো তার ব্যতিক্রম হয়নি। সেটা আমার নাটকগুলো দেখার পরই দর্শকরা বুঝতে পারবেন।’ অন্যদিকে প্রতি ঈদেই অসংখ্য নাটক নির্মিত ও প্রচার হয়। তবে সেভাবে নাটকগুলো প্রভাব ফেলতে পারছে না। অনেকে মানহীন নাটক নির্মাণকে এর জন্য দায়ী করছেন। এ নিয়ে তিনি আরো বলেন, ‘আসলে কাজ একটু বেশি হলে কিছু খারাপ কাজ হবেই। তবে এর মাঝেও কিন্তু অনেক ভালো নাটক নির্মিত হচ্ছে। কাজ বেশি প্রচার হওয়ায় সেগুলো চোখে পড়ছে না।’ এছাড়া করোনাকালীন নানা প্রতিবন্ধকতায় ঈদের নাটক নিয়ে নানা শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ অবধি বিশেষ বিবেচনায় নাটকের শুটিং করেন নির্মাতারা। এতে নাটকের গল্পে কতটা প্রভাব পড়েছে জানতে চাইলে সকাল আহমেদ বলেন, ‘দেখুন, করোনার কারণে তো সেভাবে কাজ করা কারোরই হয়ে ওঠেনি। তবু স্বাস্থ্যবিধি মেনে কিছু কাজ অনেকেই করেছেন। একটি নাটকের গল্পে বাইরের দৃশ্য থাকলে সেটা ইনডোরে তো ফুটিয়ে তোলা সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করেছি গল্পে কিছুটা ভিন্নতা এনে মান ঠিক রেখে কাজটি করার।’