জ্যাকব জুমার দুর্নীতির বিচার পুনরায় শুরু

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২০:৫৮

কারাগারে থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার দুর্নীতির বিচার পুনরায় শুরু হয়েছে। দেশ জুড়ে তীব্র সহিংসতা সত্ত্বেও গতকাল সোমবার ভার্চুয়ালি দীর্ঘ প্রতীক্ষিত এই বিচার শুনানির কাজ শুরু হয়।

জুমার বিরুদ্ধে দুর্নীতির ১৬টি অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ১৯৯৯ সালে যুদ্ধবিমান, টহল বোট ও সামরিক সরঞ্জাম কেনায় ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। অনেক বিলম্বের পর জুমার বিচারকাজ মে মাসে শুরু হয়। গত ২৯ জুন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয়। এর এক সপ্তাহ পরই তার কারাদণ্ড হয়। আদালত অবমাননার দায়ে গত ৮ জুলাই থেকে জুমার ১৫ মাসের কারাজীবন শুরু হয়। দুর্নীতি তদন্তকারীদের তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা না করায় তাকে এই দণ্ড দেয় আদালত। প্রথমে তিনি আত্মসমর্পণে অস্বীকৃতি জানালে গ্রেফতারের সময়সীমা বেঁধে দেয় দেশটির সাংবিধানিক আদালত। পরে জুমা ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। জ্যাকব জুমা তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন। তবে শেষ পর্যন্ত নানা নাটকীয়তা শেষে ৭৯ বছর বয়সি এই নেতা আত্মসমর্পণ করেন। তার কারাদণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক সহিংসতা শুরু হয়। প্রায় ৩০০ প্রাণহানি ও বহু লুটপাটের ঘটনা ঘটে।