করোনা ভাইরাসের অতিসংক্রামক ডেলটা ধরন ছড়িয়ে পড়া রোধ করতে লড়াই করেছে অস্ট্রেলিয়ার বৃহত্তম দুই শহর সিডনি ও মেলবোর্ন। এ কারণে সিডনি পাঁচ সপ্তাহের লকডাউনে এবং পুরো ভিক্টোরিয়া রাজ্যে মঙ্গলবারের পরও লকাডাউন অব্যাহত থাকবে বলে সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। রয়টার্স
ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানিয়েছেন, নতুন রোগী শনাক্ত হতে থাকায় লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়া হবে না। তিনি বলেন, ‘পরিস্থিতি কিছুদিন ভালো থাকার পর আবার লকডাউনে ফিরে আসার বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। আমি সেটা এড়ানোর চেষ্টা করছি। দেশটির দ্বিতীয় জনবহুল রাজ্য ভিক্টোরিয়া, মেলবোর্ন শহরও যার অংশ, সোমবার স্থানীয়ভাবে সংক্রমিত ১৩ রোগী শনাক্তের কথা জানিয়েছে। এক দিন আগে শনাক্ত ১৬ জন থেকে কিছুটা কম ছিল। শনাক্ত নতুন সংক্রমণের ঘটনাগুলো পরস্পর সম্পর্কিত।
নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য, সিডনি যার রাজধানী, একই দিন স্থানীয়ভাবে সংক্রমিত ৯৮ রোগী শনাক্তের কথা জানিয়েছে। এক দিন আগে এখানে ১০৫ জন রোগী শনাক্ত হয়েছিল। রাজ্যটিতে এখন ৮২ জন রোগী হাসপাতালে আছেন, তাদের মধ্যে ২৪ জন ইনটেনসিভ কেয়ারে আর তাদের মধ্যে সাত জন ভেন্টিলেশনে আছেন। ২৬ জুন সিডনিতে লকাডাউন দেওয়ার পর থেকে এ পর্যন্ত দুই বার এই বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করেছে এনএসডব্লিউ। সিডনি ও আশপাশের এলাকায় চলমান কঠোর লকডাউন ৩০ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
