কার্লোস ঘোনকে জাপান থেকে পালাতে সহায়তা করায় বাবা-ছেলের দণ্ড

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:০০

গাড়ি নির্মাতা কোম্পানি নিশানের সাবেক প্রধান কার্লোস ঘোনকে জাপান থেকে পালাতে সহযোগিতা করায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সাবেক সদস্য মাইকেল টেইলর ও তার ছেলে পিটার টেইলরকে কারাদণ্ড দিয়েছে টোকিওর একটি আদালত।

একটি বাদ্যযন্ত্রের বাক্সের ভেতরে লুকিয়ে কার্লোস ঘোনের সাড়া জাগানো সেই পলায়নপর্বের দেড় বছর পর জাপানের আদালতে এই প্রথম কোনো রায় এলো। মাইকেল টেইলরকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আর তার ছেলে পিটারের হয়েছে এক বছর আট মাসের কারাদণ্ড। টোকিওর ওই আদালতের প্রধান বিচারক হিদেও নিরেই তার রায়ে বলেন, ‘ঘোনের মতো একজন গুরুতর অপরাধীকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এই আসামিরা। দেড় বছর পার হয়ে গেছে। এখনো ঘোনের বিচার শুরু করা যায়নি।’ মাইকেল টেইলর ও তার ছেলে পিটার টেইলর বাদকের বেশে বিমানে তুলে দিয়েছিলেন বাক্সবন্দি কার্লোস ঘোনকে। জাপানের আইনে এই বাবা-ছেলের সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারত। তবে তারা গত মাসে আদালতের কাছে অপরাধ স্বীকার করে নেন এবং অশ্রুসিক্ত ক্ষমা প্রার্থনা করে বলেন, ঘোনকে পালাতে সাহায্য করে এখন তারা অনুতপ্ত। নিশান বার্ষিক বেতন গোপন করার এবং কোম্পানির তহবিলের অপব্যবহারের অভিযোগ আনলে ২০১৮ সালে গ্রেফতার করা হয় কার্লোস ঘোনকে। সেই অভিযোগ এখন পর্যন্ত অস্বীকার করে আসছেন তিনি। গ্রেফতারের সময় ঘোন জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন। একই সময়ে তিনি ফ্রান্সের কোম্পানি রেনোরও চেয়ারম্যান ছিলেন। পরে জামিন পেলেও ঘোনকে টোকিওতে গৃহবন্দি করে রাখা হয়।