পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকার ইন্দুস হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, বাসটি পাঞ্জাবের শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিল। দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ জানান, ঘটনাস্থলেই নারী, শিশুসহ ২৯ জন প্রাণ হারিয়েছে। উদ্ধার তত্পরতা চলছে। আহতদের উদ্ধার করে দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এক টুইটে এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের কাছে সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, ‘ঈদুল আজহা পালন করতে এখন মানুষ বাড়ি ফিরছে, এমন সময় এ দুর্ঘটনা আমাদের প্রচণ্ডভাবে ব্যথিত করেছে।’
