ঢাকা স্টক এক্সচেঞ্জে ফের সূচকে রেকর্ড

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:১৩

এক দিনের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে ফের রেকর্ড হয়েছে। ঈদুল আজহার আগে শেষ কার্যদিবসে গতকাল সোমবার বাজার মূলধনও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৯ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের এই অবস্থান অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। সোমবার এই সূচক ছিল ৬ হাজার ৩৬৫ পয়েন্টে।  ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকটি চালু হওয়ার পর গতকাল ছিল সর্বোচ্চ অবস্থানে। এর আগে ২০১৭ সালের ২৬ নভেম্বর সর্বোচ্চ স্থানে অবস্থান করছিল। ঐ দিন সূচকটি ৬ হাজার ৩৩৬ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির ৪৫ কোটি ৫৫ লাখ ২৫ হাজার ২৮৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৫২৮ কোটি টাকা কম। এছাড়া ডিএসইর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১৮৫ কোটি টাকা, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ।

গতকাল ডিএসই-৩০ মূল্যসূচক ১৬ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২২ দশমিক ৩৮ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক ৮ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৭ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার। 

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—সাইফ পাওয়ার, বিএটিবিসি, ফু-ওয়াং সিরামিক, পাওয়ার গ্রিড, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, রবি আজিয়াটা, জেনেক্স ইনফোসিস, লাফার্জহোলসিম ও এসএস স্টিল।

মূল্যবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—বারাকা পতেঙ্গা পাওয়ার, গ্লোবাল ইনসিওরেন্স, বিকন ফার্মা, সেন্ট্রাল ইনসিওরেন্স, ইসলামী ইনসিওরেন্স বাংলাদেশ, পূরবী জে ইনসিওরেন্স, রিপাবলিক ইনসিওরেন্স, রিলায়েন্স ইনসিওরেন্স, নর্দান ইসলামী ইনসিওরেন্স ও সন্ধানী লাইফ ইনসিওরেন্স।

এদিকে গতকাল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১২৩ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৫৩ দশমিক ৪৫ পয়েন্টে। আর সার্বিক সূচক সিএএসপিআই ২০১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৮০ দশমিক ৯১ পয়েন্টে। গতকাল সিএসইতে ৩১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টির। দিন শেষে সিএসইতে ৪৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা কম।