ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে সাত জনকে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে সীমান্তবর্তী মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, তারা গোপন সূত্রে খবর পান মাটিলা সীমান্ত পথে একদল লোক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। মাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা হচ্ছে, ফরিদপুরের নগরকান্দা উপজেলার নিথরহাটি গ্রামের আকমল সিকদার, ইসরাফিল মোল্লা ও মোক্তার শেখ, নড়াইল জেলার চন্দিবরপুর গ্রামের সজীব সরকার, ঢাকার নবাবগঞ্জ উপজেলার জালালচর গ্রামের অলক সরকার, ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোটমানিক গ্রামের নয়ন দেব ও মানিকগঞ্জের সাটুরিয়ার উত্তম দাস। বিজিবি মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে। মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আটককৃতরা পুলিশকে জানায় তারা ভারতের হাওড়া জেলায় রাজমিস্ত্রির কাজ করত। করোনার কারণে কাজের অভাবে দেশে ফিরে এসেছে।
