হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ছয় দিন

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৪২

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ছয় দিন বন্ধ থাকছে। সোমবার থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। এ ব্যাপারে বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আজিজ জানান, রবিবার বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলোকে নিয়ে সভা হয়েছে। সভায় ঈদ উপলক্ষ্যে পণ্য আমদানি-রপ্তানি ছয় দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে পত্র দিয়ে জানানো হয়েছে। আগামী ২৫ জুলাই থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে। হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মো. কামরুল ইসলাম জানান, ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি ছয় দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজকর্ম শুরু হবে।