সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৪২

কুমিল্লায় বিপুল ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়েছে। এসময় দুই নারীসহ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের টিম রবিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোলপ্লাজা এবং চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের হাঁস-মুরগির খামারে পৃথক এ অভিযান পরিচালনা করে। সোমবার দুপুরে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে গোপালগঞ্জ জেলা সদরের বলাকৈর গ্রামের অহিদুল শিকদার ও আবদুল বাতেন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদী থানার খাসকান্দি গ্রামের জোসনা আক্তার, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর বিসিক বালুর মাঠ এলাকার হোসনা আক্তার এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের মাসুদ রানা রসুল ওরফে গোলাম রসুল। জেলা ডিবির ওসি মো. আনওয়ারুল আজীম জানান, পৃথক অভিযানে ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৭২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আর্থিক সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার, রংপুর করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছেন রংপুর জেলা প্রশাসন মো. আসিব আহসান। রবিবার বিকালে রংপুর জেলা স্কুল মাঠে এ সহায়তা তুলে দেওয়া হয়। করোনাকালীন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মধ্যে এই সহায়তা তুলে দেওয়া হচ্ছে বলে তিনি জানান। এ দিন ১৩৮ টি অসহায় পরিবারকে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পঞ্চগড়ে ত্রাণ বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি করোনাকালীন পরিস্থিতিতে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। সোমবার দুপুরে পঞ্চগড় পৌর এলাকার মসজিদপাড়া পানির ট্যাংকি এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। এ সময় পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবহন শ্রমিকরা পেলেন খাদ্যসামগ্রী

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা লকডাউনে কর্মহীন হয়ে পড়া ২০০ জন পরিবহন শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোস্তফা ব্যাপারী প্রমুখ।

বিনা মূল্যে আমন ধানের বীজ বিতরণ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ প্রধান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ।

সংবাদকর্মীরা পেলেন সুরক্ষাসামগ্রী

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে মধুখালী প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজি এফ (পিটিএফ) এর পক্ষ প্রেসক্লাবের সংবাদকর্মীদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়। সোমবার সকাল ১১ টায় মধুখালী রেলগেটস্থ চ্যানেল এসটিভির কার্যালয়ে মধুখালী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক শাহজাহান হেলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মতিয়ার রহমান এসব সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর উপহার পেল ১৬ দৃষ্টিপ্রতিবন্ধী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা করোনাকালীন মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী পেল ১৬ দৃষ্টিপ্রতিবন্ধী। সোমবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম লুত্ফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রওশন করিম উপস্থিত ছিলেন।

অনুদানের চেক বিতরণ

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও মাদ্রাসায় অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশালের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ।