লামা উপজেলার রূপসীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ৩১টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় রূপসীপাড়া ক্যাম্পের সেনাবাহিনী, লামা ও আলীকদমের দমকল বাহিনী এবং স্থানীয় জনসাধারণ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা হবে বলে জানা গেছে।
লামা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নয়ন জীব চাকমা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করে প্রশাসনের নিকট প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি তাত্ক্ষণিকভাবে জানানো হয়েছে।
