মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলেছিল। ৬ আগস্ট হিরোশিমায় ১ লাখ ২৯ হাজার এবং ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় বার পারমাণবিক বোমা ফেললে ২ লাখ ২৬ হাজার মানুষ মারা যায়। এত ধ্বংসযজ্ঞ থেকে বেরিয়ে আবার জাপান মাথা উঁচু করে প্রথম বার অলিম্পিক গেমস আয়োজন করেছিল ১৯৬৪ সালে। ৫৮ বছর পর আবার টোকিওতে অলিম্পিক গেমস হবে, শুক্রবার উদ্বোধন।
জাপানিরা তাদের জীবনে শত বাধাবিপত্তি পেরিয়ে সামনের পথে এগিয়ে যান। পরিশ্রমী জাতি। কাজ ছাড়া কোনো কিছু বোঝেন না। খেলাটাও ভালোবাসেন। বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল যৌথভাবে দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে। এবার অলিম্পিক আয়োজন করতে গিয়ে বিশ্বমহামারির কবলে পড়েও জাপানের সরকার এবং অলিম্পিক আয়োজক কমিটি কোনোভাবেই হাল ছাড়তে রাজি না। বেশির ভাগ মানুষ অলিম্পিকের পক্ষে না। ২২ ভাগ বলছে গেমস হোক। দুই দিন আগেও দুই শতাধিক জাপানি টোকিওর সিনজুকু স্টেশনের সামনে গিয়ে অলিম্পিকবিরোধি স্লোগান দিয়েছেন। প্রতিবাদকারীদের এক জন কারোই তোদো সংবাদ মাধ্যম এপিকে বলেছেন, এটা মানবাধিকার এবং আমাদের জীবনের অধিকার উপেক্ষা করা হচ্ছে।
করোনার কারণেই এক বছর পিছিয়ে ২০২০ সালের অলিম্পিক এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা মানুষের জীবন থেকে যাচ্ছে না। জাপানে এখন করোনা আরো জেঁকে বসেছে।
টোকিও বলছে, গত এক সপ্তাহে করোনা অনেক বেড়েছে। যেভাবে বাড়ছে তাতে ২৩ জুলাই উদ্বোধনী দিন আক্রান্তের হার দাঁড়াবে ১ হাজার ৩৮২, ২৪ জুলাই হবে ১ হাজার ৪৭৮ এবং ২৫ জুলাই ১ হাজার ৫৬০ জনে। ১৫ জুলাই টোকিতে মেট্রোপলিটন সরকারের একটি সভায় বলা হয়েছে করোনায় টোকিওর বর্তমান অবস্থা ভালো না। একবার আক্রান্ত হলে এটি পরিবার, সহকর্মী এবং কর্মক্ষেত্রেও প্রবেশ করবে। আমরা খুবই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছি।
অলিম্পিক আয়োজক কমিটি ধরে নিয়েছিল যারা গেমেস আসবে তারা করোনা মুক্ত থাকবেন গেমস ভিলেজে থাকবেন। টিকাও দেওয়া হবে। এত কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে জাপানে ঢুকেছে অংশগ্রহণকারী দল, তারপরও আক্রান্তের খবর ছড়িয়েছে। এখন পর্যন্ত ৩০ জন আক্রান্তের খবর এসেছে। যাদের মধ্যে ক্রীড়াবিদ কোচ, কর্মকর্তা রয়েছেন। ইংল্যান্ডের ছয় ক্রীড়াবিদ এবং দুই সাপোর্ট স্টাফ পজিটিভ শনাক্ত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার তিন ফুটবলার, রাগবি কোচ এবং দলের একজন বিশ্লেষক আক্রান্ত হয়েছেন। আইওসির সদস্য আক্রান্ত হয়েছেন। দুই ডোজ গ্রহণ করে টোকিওতে গিয়ে পজিটিভ শনাক্ত হওয়ারও খবর বেরিয়েছে। আইওসির প্রধান থমাস বাক টোকিওতে বলেছেন, ‘আমরা খুব সাবধানে আছি। যারা শনাক্ত হয়েছেন তাদের কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে।’
বাংলাদেশের ছয় ক্রীড়াবিদ চারটি ডিসিপ্লিনে অলিম্পিক গেমসে খেলবেন। আর্চারি, শুটিং, অ্যাথলেটিকস, সাঁতারে লড়াই করবেন ক্রীড়াবিদরা। জাপান বলেছে, যাদের খেলা শেষ তারা ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়বেন। যেসব সাংবাদিক খেলা কাভার করতে গমেস আসেবন, তারা নিজ দেশের খেলা ছাড়া অন্য কোনো খেলা কাভার করতে পারবে না।
