মিশন এবার হোয়াইটওয়াশ

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৪৩

সিরিজ জয়ের ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের ২৪১ রানের টার্গেট পাড়ি দিতে গিয়ে প্রবল চাপের মুখে পড়েছিল টাইগাররা। সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরি, সাইফউদ্দিনের দৃঢ়তায় ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। এক ম্যাচ আগে সিরিজ জেতার পর এখন হোয়াইটওয়াশে চোখ রাখছে তামিম ইকবালের দল।

দ্বিতীয় ম্যাচে অপরাজিত ২৮ রান সাইফউদ্দিন আত্নবিশ্বাসী ধবলধোলাই মিশন সম্পন্ন করতে পারবে বাংলাদেশ। এজন্য আগের মতোই ধারাবাহিক ক্রিকেট আবশ্যক। জিম্বাবুয়ের বিপক্ষে সফলতার পেছনে মূল কারণ হিসেবে সাইফউদ্দিন বলেছেন, শক্তিমত্তায় ব্যবধান থাকলেও হোম কন্ডিশনে জিম্বাবুয়েকে হালকাভাবে নেয়নি বাংলাদেশ, তাই লক্ষ্যের প্রতি অবিচল ছিল পুরো দল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। সিরিজে ২-০ তে এগিয়ে টাইগাররা। স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ উতরে যাওয়ায় হোয়াইটওয়াশের লক্ষ্যেই আজ খেলতে নামবে তামিম বাহিনী। গতকাল অনুশীলন ছিল না। ক্রিকেটাররা বিশ্রামে ছিলেন।

অধিনায়ক তামিমের কথায় অনুপ্রাণিত বাংলাদেশ দল। ওডিআই সুপার লিগের ম্যাচ বলেই পয়েন্ট হারাতে চায় না সফরকারীরা। গতকাল সাইফউদ্দিন বলেছেন, ‘প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। অধিনায়ক তামিম ইকবাল ভাই চোট নিয়ে এই সিরিজ খেলছে কারণ সুপার লিগে পয়েন্টের ব্যাপার আছে। প্রত্যেক খেলোয়াড়ই এটা মাথায় রেখে গুরুত্ব সহকারে খেলছে।’

হোয়াইটওয়াশ পূর্ণ করার টার্গেট নিয়ে তরুণ এ পেস বোলিং অলরাউন্ডার বলেছেন, ‘জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই যেহেতু ঘরের মাঠে সব দলই দুর্দান্ত। এজন্য বেশি মনোযোগ রেখে খেলছি, শতভাগ দিয়ে চেষ্টা করছি। প্রত্যেক সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। প্রসেস ঠিক থাকলে ৩-০ ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’

দ্বিতীয় ম্যাচে সাকিবের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েছিলেন সাইফউদ্দিন। ৮ম উইকেটে ওই জুটিতেই শেষ ওভারে জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। জুটির রসায়ন জানাতে গিয়ে সাইফউদ্দিন বলেছেন, ‘অনেক চাপের পরিস্থিতি ছিল। তবে এই সময়টার জন্য আমি প্রস্তুত ছিলাম। হবে কি হবে না পরের ব্যাপার। চেষ্টা ছিল নিজের প্রসেস ঠিক রাখা। তখন ৭০ রানের মত দরকার ছিল। সত্যি বলতে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সাকিব ভাইয়ের সাথে পার্টনারশিপ গড়ে দলকে জেতানো। আগেও হয়ত কয়েকবার বলেছি। সুযোগটা কাল এসেছে। স্মরণীয় করে রাখতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি।’

আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে চান সাইফউদ্দিন। তিনি বলেছেন, ‘সুযোগ সবসময় আসে না। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে পারিনি, সেই চেষ্টা ছিল। অবশ্যই চাইব না সবাই আউট হয়ে যাক আর আমার সুযোগ আসুক। তবে কাল নিজের সামর্থ্য কিছুটা হলেও দেখাতে পেরেছি। দল আমার ছোট্ট অবদানে জিতেছে, এতেই আমি সবচেয়ে বেশি আনন্দিত।’