সাইফ ও জামালের জয়

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৪৫

ঈদের আগে শেষ হয়ে গেল প্রিমিয়ার ফুটবল। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ৪-৩ গোলে আরামবাগকে হারিয়েছে। ম্যাচে ৭ গোল হয়েছে। তবে রোমাঞ্চ ছড়িয়ে শেষ গোলটি করে ম্যাচ জিতিয়েছেন সাইফের অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রথমার্ধে ১-১ গোলে ড্র ছিল। দ্বিতীয়ার্ধে আরো গোল হয়। আরামবাগের বিপক্ষে ৩-৩ গোলে ড্র চলছিল। ম্যাচের ৮৭ মিনিট। আরামবাগ ধরে নিয়েছিল তারা এক পয়েন্ট পেতে যাচ্ছে। আরামবাগের বক্সের কাছে ফ্রিকিক পায় সাইফ স্পোর্টিং। জামাল ভুঁইয়া শট করেন। সামনে মানবদেওয়াল হয়ে বলটা অসাধারণ সুন্দরভাবে বাঁক খেয়ে জালে প্রবেশ করে। সেই গোলের ওপর ভর করে সাইফ স্পোর্টিং ৪-৩ গোলে ম্যাচ জেতে। ১৮ খেলায় নবম জয়ে ২৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সাইফ স্পোর্টিং।

রাতে অনুষ্ঠিত খেলায় শেখ জামাল ২-০ গোলে শেখ রাসেলকে হারিয়েছে। গাম্বিয়ান সুলায়মান কিং কনফর্ম এবং ওমর জোবে গোল করেন।

সাইফ স্পোর্টিংয়ের গোলের আনন্দে ইমানুয়েলের ঘাড়ে উঠলেন ইয়াসিন রাব্বি