কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজ চক্রের ১১ সদস্য গ্রেফতার

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২১:৫৪

কুমিল্লায় পৃথক তিনটি এলাকায় অভিযানে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে চক্রের ১১ জন সদস্যকে গ্রেফতারসহ তাদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়ের নগদ টাকা এবং টাকা উত্তোলনের ভুয়া রসিদ বই জব্দ করা হয়েছে। গতকাল সোমবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাসনগাছা বাস টার্মিনাল ও জেলার বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় র্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।

র্যাব কার্যালয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম সোমবার দুপুরে নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজ চক্রের ছয় জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে—জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের স্বপন মিয়া (২০), মো. আকাশ (১৯), নিশ্চিন্তপুর বাগমারা গ্রামের আলমগীর (২০), চাঁদপুরের কচুয়া উপজেলার আসাদপুর গ্রামের জিহান হোসেন (২০), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল আলী (৩২) ও কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকার মো. তৌফিকুর রহমান মারুফ ওরফে আবির (১৯)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ছয়টি ভুয়া রসিদ বইসহ নগদ ৬ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। একই সময়ে র্যাবের অপর একটি টিম কুমিল্ল­া নগরীর শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজ চক্রের দুই জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা মধ্যপাড়া গ্রামের রুবেল (৩১) ও রনি (৩৩)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের দুটি ভুয়া রসিদ বইসহ নগদ ৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।

একই সময়ে র্যাবের আরেকটি টিম জেলার বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজ চক্রের তিন জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে বুড়িচং উপজেলার ভবানীপুর গ্রামের ওহিদ মিয়া (৫০), ইছাপুর গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও আমির হোসেন (৪০)। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের তিনটি ভুয়া রসিদ বইসহ নগদ ৮ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়।