চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বর্তমান করোনা মহামারির কারণে ধর্ম মন্ত্রণালয় জারিকৃত নির্দেশনা মেনে ঈদুল আজহার নামাজ সামাজিক দূরত্ব মেনে আদায়ের জন্য মসজিদ কমিটিকে অনুরোধ জানিয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত বুধবার সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নুর মুহাম্মদ সিদ্দিকী।
চট্টগ্রাম সিটি করপোরেশন লালদীঘি শাহী জামে মসজিদে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এছাড়াও নগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৭টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা মসজিদ ঈদগাহ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও চসিক মা আয়েশা সিদ্দিকা জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সংলগ্ন) ঈদের জামাত অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে মসজিদ বা ঈদগাহে অনুষ্ঠিত হবে।
