করোনা মুক্ত হওয়ার দুই মাস ১৩ দিন পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোভিড টিকা নিয়েছেন। গতকাল সোমবার বিকাল ৪টায় রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়ে গাড়িতে বসে টিকা গ্রহণ করেন তিনি। দলের নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যেন বেগম জিয়াকে বাসায় করোনার টিকা দেওয়া হয়। কিন্তু পরে তিনি করোনা ভাইরাসের টিকা নিতে যান মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে। তবে অসুস্থতার কারণে গাড়ি থেকে নামেননি তিনি। হাসপাতাল চত্বরে টিকা নিয়েছেন গাড়িতে বসেই। বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে খালেদা জিয়া মহাখালীর উদ্দেশে রওনা হন। বিকাল ৩টা ৪৫ মিনিটে হাসপাতালে পৌঁছান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তার চিকিত্সক ডা. জাহিদ হোসেন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। ডা. জাহিদ হোসেন বলেন, টিকার ব্যাপারে ওনার কোনো চয়েজ নেই, এই হাসপাতালে মডার্নার টিকা পাওয়ার যাচ্ছে। ম্যাডামকে সেই টিকাই দেওয়া হয়েছে। এর আগে গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। ডা. জাহিদ বলেন, গত ৮ জুলাই খালেদা জিয়া টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে এসএমএস পাওয়ার পর আজকে ম্যাডাম ভ্যাকসিন নিয়েছেন। সবার কাছে দোয়া চেয়ে ডা. জাহিদ বলেন, আপনারা সবাই দোয়া করবেন। ভ্যাকসিন নেওয়ার পরে অনেক সময় জটিলতা হয়, সেগুলো যেন ওনার না হয়।
