আগৈলঝাড়ায় পশুর হাট নিয়ে সংঘর্ষে আহত ২০

আপডেট : ১৯ জুলাই ২০২১, ২২:৩৫

আগৈলঝাড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ও উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ায় ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার রাজিহার ইউনিয়নের কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। ফের সংঘর্ষের মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নিজেকে আহত দাবি করে ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে রাজিহার ইউনিয়ন পরিষদ চত্বরের তিন দিনের গবাদি পশুর হাট বসানো হয়েছে। স্থানীয় জোনায়েত মোল্লার নামে ঐ হাটের ইজারা প্রদান করেছে জেলা প্রশাসন। গতকাল গরুর হাটের খাজনার টাকার ব্যাপারে উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার তার লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদে তার কাছে জিজ্ঞাস করতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে হামলা ও পালটা হামলার ঘটনা ঘটে।

উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার বলেন, গত তিন বছর যাবত্ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার দলের নেতাকর্মীদের দূরে রেখে তার নিজের লোকের নামে পশুর হাটের ইজারা নিয়ে টাকা আত্মসাত্ করে আসছেন। এই বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে চাইলে তিনি তাদের নিষেধ করে নিজে চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেন। গতকাল ফোনে হাটের বিষয়ে স্থানীয়দের কিছু কথা আছে জানালে ইলিয়াস তালুকদার তাকে লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদে যেতে বলেন। সাইদুল সরদার ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে চেয়ারম্যানের লোকজন তার ওপর অতর্কিতভাবে বাঁশ দিয়ে হামলা চালায়। তিনি আহত হওয়ায় দলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে।

থানা অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, এখনো কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।