নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের সেজান জুস কারখানায় গত ৮ জুলাই ভয়াবহ অগ্নিকান্ডে ৫২ শ্রমিকের প্রাণহানির ঘটনায় গ্রেফতার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ হাসেম ও তার দুই ছেলে জামিন পেয়েছেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল জানান, ভার্চুয়াল শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এই মামলায় কারাবন্দি ছয় আসামির জামিন আবেদন করলে আদালত এম এ হাসেম এবং তার দুই ছেলে তারেক ইব্রাহিম ও হাসিব বিন হাসেম এর জামিন মঞ্জুর করেন। তিনি বলেন, আদালত একই সাথে প্রতিষ্ঠানের ডিজিএম ও প্রধান নির্বাহি কর্মকর্তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
