টিকা নেননি, অথচ সার্ভারে দেখাচ্ছে নেওয়া হয়ে গেছে

আপডেট : ২০ জুলাই ২০২১, ০০:২২

শুধু রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু এখনো টিকা নেননি, এমন অনেকের ক্ষেত্রেই সার্ভারে দেখাচ্ছে, টিকা নেওয়া হয়ে গেছে। টিকা দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন এমন অনেকেই। কিন্তু কর্তৃপক্ষ এর কোনো সুরাহা করতে পারছে না। আদৌ তারা টিকা দিতে পারবেন কি না, সে ব্যাপারে কেউ তাদের নিশ্চয়তা দিতেও পারছে না। কর্তৃপক্ষের ভাষ্য, ১ কোটির বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে দু-এক জনের ক্ষেত্রে এমন ভুল আসতে পারে। যাদের ক্ষেত্রে এমন ভুল হবে, তারা জানালে সার্ভারে এটা ঠিক করে দেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) অধ্যাপক ডা. মিজানুর রহমান ইত্তেফাককে বলেন, কয়েকটি হাসপাতাল এমন ভুল করেছে। পরে তাদের প্রশিক্ষণ দিয়ে এ ব্যাপারে সচেতন করা হয়েছে। এখন থেকে আর এমন ভুল হবে না।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আলী আমজাদ মারুফ। গত ২৭ ফেব্রুয়ারি তিনি রেজিস্ট্রেশন করেন। নানা কারণে এতদিনেও তিনি টিকা নিতে পারেননি। তার ইচ্ছেও ছিল ফাইজার বা মডার্নার টিকা নেওয়ার। এখন মডার্নার টিকা দেওয়া শুরু হলে তিনি টিকা নিতে আগ্রহ প্রকাশ করেন। রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল তার কেন্দ্র। দুই দিন আগে তিনি সেখানে গেলে জানানো হয়, তার দুই ডোজই টিকা নেওয়া হয়ে গেছে। অথচ তিনি এক ডোজও নেননি।

সংবাদকর্মী এস এম নুরুজ্জামান। তিনিও একই সমস্যায় পড়েন। জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে টিকা দেওয়ার সনদও তোলা যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেছেন, ‘টিকাই নিলাম না, অথচ সার্টিফিকেট চলে এলো। এখন আমি টিকা নিতে পারব কি না, সেটাই বুঝতে পারছি না।’ শুধু এই দুজন নন, অনেকের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিকার পাওয়া যাচ্ছে না।