হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক ও তার ভাই মাহফুজুল হকের নিয়ন্ত্রণে থাকা রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার তালা ভেঙে তা ওয়াক্ফ এস্টেটকে বুঝিয়ে দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল সোমবার বেলা ১২টার দিকে পুলিশের উপস্থিতিতে মাদ্রাসাটির ভেতরে ঢোকেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আব্দুল আওয়াল। এরপর তা ‘দখলমুক্ত’ করে নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ঐ মাদ্রাসাটি এখন জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে। মাদ্রাসাটির তালা ভেঙে মামলার আদেশে যে পক্ষ পেয়েছে, তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেটি। পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদ্রাসাটি এতদিন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক ও তার বড় ভাই মাহফুজুল হকের নিয়ন্ত্রণে ছিল। তারা এই মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ২০২০ সালের নাশকতার এক মামলায় গত ১৮ এপ্রিল এই মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করে পুলিশ।
সূত্র জানায়, মাদ্রাসাটি ওয়াক্ফ এস্টেটের সম্পত্তি অনুমোদিত কমিটির কাছে বুঝিয়ে দিতে গত ২৯ জুন ঢাকা জেলা প্রশাসককে চিঠি দেয় ওয়াক্ফ প্রশাসন। এই পাঁচতলাবিশিষ্ট মাদ্রাসায় ১ হাজার ২০০ শিক্ষার্থী, ৫২ জন শিক্ষক ও ২৮ জন কর্মী ছিলেন। করোনাভাইরাসের কারণে এতদিন সবাই যার যার বাড়িতে রয়েছেন। মাদ্রাসাটির দেখভাল করতে শুধু ৫০ জন শিক্ষার্থী ছিল।
