কাজের জন্য মরিশাসে যাওয়া এক নারীকে ধর্ষণের ঘটনার ছবি প্রকাশ ও ভিডিও ধারণের দায়ে গতকাল সোমবার রাতে রামপুরা থানায় একটি মামলা হয়েছে। মামলায় বাংলাদেশি নাগরিক শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ এনে ঐ ভিডিও অপসারণের দাবি জানিয়েছেন ঐ নারী। পুলিশ জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬ ও ২৯ ধারায় এই মামলা হয়েছে।
এদিকে ঐ নারীকে নিপীড়নের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, মরিশাসের বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন। গত ১৫ জুলাই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এবং সদস্য নমিতা হালদার ও জেসমিন আরা বেগম এই আদেশ দেন। এই ঘটনায় মরিশাসে দায়ের করা মামলায় বাংলাদেশ দূতাবাস কী কী ব্যবস্থা নিয়েছে এবং সেখানে কর্মরত অন্য কোনো নারী এই ধরনের হয়রানির শিকার হয়েছেন কি না সেটিও খতিয়ে দেখতে বলা হয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেওয়া হয়।
এছাড়া এই ঘটনায় রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানাতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। ১৬ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় গত ১০ জুলাই একই থানায় মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি ধারায় মামলা করেছিলেন ভুক্তভোগী ঐ নারী। পুলিশ এরই মধ্যে এই মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।
