সাত টাকায় গরিবের চিকিত্সার ব্যবস্থা করেছি ------------ডা. জাফরুল্লাহ

আপডেট : ২০ জুলাই ২০২১, ০০:২২

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, গণস্বাস্থ্য দিনে সাত টাকায় রাজধানীর স্বল্প ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর চিকিত্সার ব্যবস্থা করেছে। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ আবু হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক মা ও শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণকালে তিনি একথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনারা বাসাবাড়িতে, কলকারখানায় প্রচুর কাজ করেন। কারো যদি অসুখ হয়, তাহলে আপনাদের সারা মাসের সঞ্চয় শেষ হয়ে যায়। সেজন্য আমরা স্বাস্থ্যবিমা করেছি। মাসে ২০০ টাকা, অর্থাত্ দিনে সাত টাকা। এই টাকা দিয়ে ডাক্তারের চিকিত্সা পাবেন, অস্থায়ী ওষুধ পাবেন, হাসপাতালে ভর্তি হলে পয়সা লাগবে না। আপনাদের সন্তানদের সুন্নাতে খতনা করাতে টাকা লাগবে না। গর্ভবতী মায়েদের টাকা ছাড়াই প্রসব করিয়ে দেবে। তবে আপনাদের পান খাওয়া বন্ধ করতে হবে। এ সময় ৫০০ পরিবারের মধ্যে মা ও শিশুদের বিশেষ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ হাসপাতালের সমন্বয়ক অধ্যাপক শওকত আরমান, গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক বদরুল হক, স্থানীয় সমাজসেবক মোজাম্মেল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।