কোরবানির বর্জ্য পরিষ্কারে উপকরণ সরবরাহের দাবি পরিচ্ছন্নতাকর্মীদের

আপডেট : ২০ জুলাই ২০২১, ০০:২৩

কোরবানির বর্জ্য পরিষ্কার করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাছে যথা সময়ে বেলচা, কাটা, হ্যান্ডস গ্লাবস, পলিথিন, ব্লিচিং পাউডার, স্যাভলন, ঝাড়ু ইত্যাদি সরবরাহের অনুরোধ জানিয়েছে প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডর (পিডব্লিউসিএসপি)। গতকাল সোমবার মিরপুর-২-এ সংগঠনটি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে পিডব্লিউসিএসপির সভাপতি নাহিদ আক্তার লাকি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন শুধু নির্ধারিত কনটেইনার থেকে ল্যান্ডফিল্ডে ময়লা অপসারণের কাজ করছে। তাদের যে জনবল রয়েছে তা দিয়ে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হয় না। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা শুধু শহরের প্রধান প্রধান সড়কে ঝাড়ু দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। তাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের প্রায় ৯ হাজার পরিচ্ছন্নতাকর্মী নাগরিকদের বাসা বাড়ির ময়লা সংগ্রহ করে সিটি করপোরেশনের কনটেইনারে পৌঁছে দেয়। কিন্তু মহামারি সম্মুখযোদ্ধা হিসেবে আমাদের পরিচ্ছন্নকর্মীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করলেও তাদের সরকারের পক্ষ থেকে করোনার সম্মুখযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়নি।