যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রতি অনাস্থার কারণে অনেকে করোনার টিকা গ্রহণে রাজি হচ্ছে না। ওয়াশিংটন এক্সামিনার পত্রিকা জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে করোনার অন্তত এক ডোজ টিকা প্রয়োগের যে কর্মসূচি গ্রহণ করেছিলেন তা বাস্তবায়ন না হওয়ায় ট্রাম্প এ কথা বলেছেন।
আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) জানায়, এখনো দেশটিতে টিকা গ্রহণকারীর সংখ্যা ৭০ শতাংশে পৌঁছায়নি। তবে জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, ট্রাম্পের রিপাবলিকান পার্টির ব্যাপক সংখ্যক সমর্থক ও সদস্য এরই মধ্যে করোনার টিকা নিয়েছেন। অবশ্য হোয়াইট হাউজ টিকা নেওয়ার প্রবণতা হ্রাসের সত্যতা স্বীকার করে বলেছে, করোনার ভ্যাকসিন সম্পর্কে অনলাইনে ভুল তথ্য রয়েছে। সেগুলো সংশোধনের কাজ চলছে। আমেরিকার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ট্রাম্প বহুবার দাবি করেছেন, নির্বাচনে ব্যাপক কারচুপির কারণে তিনি হেরে গেছেন। অবশ্য যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার গত ডিসেম্বরে জানিয়েছিলেন, বিচার বিভাগ নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ পায়নি।
