জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা বিশ্বাস করি—পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে প্রীতিময় সমাজ গঠন সম্ভব। ঈদুল আজহা ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার শিক্ষা দেয়। আমরা যেন প্রতীকী পশু কোরবানির সঙ্গে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে পারি। গতকাল সোমবার দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর এইদিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পশুর হাট ও ঈদযাত্রায় যেন মহামারি করোনা ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।
জাপার আর্থিক লেনদেনের অডিট
রিপোর্ট ইসিতে জমা
জাপার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁইয়া এবং যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম গতকাল বিকালে নির্বাচন কমিশনে (ইসি) দলের ২০২০ পঞ্জিকা বর্ষের আর্থিক লেনদেনের অডিট রিপোর্ট জমা দিয়েছেন। ২০২০ পঞ্জিকা বর্ষে জাপার মোট আয় ১ কোটি ২৭ লাখ ৭২ হাজার ৮৭৭ টাকা ৫৪ পয়সা। আর ব্যয় ৭৬ লাখ ৪ হাজার ১২০ টাকা। জমা আছে ৫১ লাখ ৬৮ হাজার ৫৫৭ টাকা ৫৪ পয়সা।
