মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মলে হক বলেছেন, আজকে সর্বক্ষেত্রে পেশাদারিত্বের বড় অভাব। রাজনীতি থেকে শুরু করে সব পেশায় ত্যাগী নেতার বড় অভাব। সত্ ও নির্লোভ এবং কল্যাণমুখী ব্যক্তির বড় অভাব। গতকাল সোমবার সন্ধ্যায় সাংবাদিক মীজানুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়ালি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে গাজীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এম এ বারী ও পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, সাংবাদিক নেতা মোহাম্মদ আল-মামুন প্রমুখ মীজানুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় মীজানুর রহমান বিশেষ অবদান রেখে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করে গেছেন।
সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনে মীজানুর রহমানের অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক প্রদান করার জন্য সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ্বান জানান।
