করোনা ভাইরাসের আরো ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র মডার্নার এই টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে মডার্নার টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি কার্গো বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে দুই দফায় কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র। গতকাল বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন। ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ১৮টি ফ্রিজার ভ্যানে করে এই ৩০ লাখ ডোজ টিকা নিয়ে যাওয়া হবে। এর মধ্যে ১৫টি ফ্রিজার ভ্যান যাবে ধামরাই সংরক্ষণাগারে এবং বাকি তিনটি যাবে তেজগাঁওয়ের ইপিআই সংরক্ষণাগারে।
টিকা গ্রহণ করার পর রাত ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসের শেষ নাগাদ আরো ১ কোটি ২৯ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসবে। এর মধ্যে ২৯ লাখ ডোজ কোভিশিল্ড, ৪০ লাখ সিনোফার্ম ও ৬০ লাখ জনসন অ্যান্ড জনসনের। ইতিমধ্যে আমরা ৩০ বছর বয়সিদের করোনা ভ্যাকসিন নিবন্ধন শুরু করেছি। পর্যায়ক্রমে বয়সের সীমা আরো কমানো হবে, যাতে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দিতে পারি। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
এর আগে চলতি মাসের শুরুতে প্রথম যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছায়। দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় ইতিমধ্যে মডার্নার এ টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঐ দিন পর্যন্ত ২০ লাখ ৫ হাজার ৯০৩ জনকে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা গ্রহণের সময় বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশের স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
