শেষ ম্যাচেও জয়ের আশা টাইগারদের

আপডেট : ২০ জুলাই ২০২১, ০০:২৬

আট বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতেও দাপুটে পারফরম্যান্স ধরে রেখেছে তামিম ইকবালের দল। তাই এক ম্যাচ আগেই সিরিজ জিতে গেছেন সফরকারীরা। এখন তুলির শেষ আঁচড়েও নিপুণ দক্ষতার ছাপ রাখতে চায় বাংলাদেশ। ২-০-তে এগিয়ে থাকা বাংলাদেশের টার্গেট হোয়াইটওয়াশ নিশ্চিত করা।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। ধবলধোলাই মিশন সম্পন্ন করার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশ শিবিরে। গতকাল পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের কথায় এমনটাই আভাস মিলেছে। সিরিজ জিতে গেলেও জিম্বাবুয়েকে ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ।

গতকাল সাইফউদ্দিন বলেছেন, ‘জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, যেহেতু ঘরের মাঠে সব দলই দুর্দান্ত। এজন্য বেশি মনোযোগ রেখে খেলছি, শতভাগ দিয়ে চেষ্টা করছি। প্রত্যেক সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। প্রসেস ঠিক থাকলে ৩-০ ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মিডল অর্ডারে টানা দুই ম্যাচে ব্যর্থ মিঠুন একাদশ থেকে বাদ পড়তে পারেন। সুযোগ পেতেও পারেন নুরুল হাসান সোহান। ফিট হয়ে গেলে মুস্তাফিজুর রহমানেরও ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। ওয়ানডে সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচও খেলবে বাংলাদেশ দল।