বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আকাশে ড্রোন উড্ডয়ন সম্ভব হয়েছে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) মেধাবী শিক্ষার্থী মোঃ সোহেল মাহামুদ, আহম্মদ সাবির, জুবায়ের আবদুল্লাহ জয়, আবু সাঈদ মোঃ আফ্রিদি ও মীর সামিউর রহিম সাদের সফল প্রচেষ্টায় এ ড্রোন উড্ডয়ন করা হয়। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে ড্রোনের সফল উড্ডয়নের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। এসময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হকসহ সিএসই বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উপাচার্য শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান ও সমৃদ্ধি কামনা করেন। ড্রোনটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে ব্যবহার করা যেতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন। উদ্বোধনের পর ড্রোনটি উড়িয়ে দেখান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আবদুল্লাহ জয়। এর মাধ্যমে “অটোমেটেড ক্রপস কোয়ালিটি মনিটোরিং ইউজিং ড্রোন সার্ভেলেন্স অ্যান্ড ইমেজ প্রসেসিং” প্রজেক্টের প্রথম পর্বের সফল উড্ডয়ন সম্পন্ন হলো।
