“গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯ পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সকালে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। র্যালিতে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
নওগাঁ: নওগাঁয় জাতীয় গ্রন্থাগার দিবসের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। সকালে সার্কিট হাউজ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা গ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
ঝিনাইদহ: জেলা প্রশাসনের আয়োজনে সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (সদর) আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ: জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় গ্রন্থাগারে গিয়ে শেষ হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। আলোচন সভায় বক্তব্য রাখেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম নাছির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
রাজবাড়ী: জেলা প্রশাসন ও জেলা গ্রন্থাগারের যৌথ আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়। রাজবাড়ী জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন ক?ক্ষে আ?লোচনা সভা হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী প্রধান অতিথি ছিলেন।
মৌলভীবাজার: সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজের মুন হলে এসে মিলিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তোফায়েল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল হক। বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির মৌলভীবাজার শাখার সভাপতি সৈয়দ মোকাম্মেল হোসেন মুন্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অশোক কুমার সেনসহ অন্যরা।
নেত্রকোনা: জেলা সরকারি গণ গ্রন্থাগারের উদ্যোগে বেলা ১১টায় জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে গ্রন্থাগার অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে লাইব্রেরিয়ান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাম্মাত্ সাবিহা সুলতানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া, নেত্রকোনা সরকারি কলেজের অধ্যাপক আবু সাঈদ প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নাটোর: জেলা প্রশাসন ও জেলা সরকারি গণ গ্রন্থাগারের আয়োজনে সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি গণ গ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) ফয়জুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দসহ অন্যরা।
কুমিল্লা: জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগারের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি থেকে নগরীতে র্যালি বের হয়। র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাইনুদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ প্রমুখ অংশ নেন।
বরগুনা (উত্তর): অতিরিক্তি জেলা প্রশাসক মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রখেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এএসপি (হেড কোয়ার্টার) মেহেদি হাসান শাতিল, লাইব্রেরিয়ান মো. ফারুক মিয়া প্রমুখ।
শাবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) যথাযথ মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। লাইব্রেরিয়ান আব্দুল হাই ছামেনীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
