ময়মনসিংহের গফরগাঁওয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা মমিন খাঁ (৫৫) মারা গেছেন।
দেড় মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মমিন খাঁ। তার মৃত্যুর খবরে তার পরিবারের লোকজন ও এলাকাবাসীর মাঝে শোকের পাশাপাশি চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, রৌহা নামাপাড়া এলাকায় আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোঃ খলিল গ্রুপের সঙ্গে একই এলাকার রফিকুল মেম্বার গ্রুপের বিরোধ চলছিল। গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রৌহা কারিগরী স্কুল এ্যান্ড কলেজ মাঠে জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কা প্রতীকের কেন্দ্র কমিটি গঠনের সমাবেশ শেষে উভয় গ্রুপ পাল্টাপাল্টি মিছিল নিয়ে নিজেদের এলাকায় যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রৌহা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মমিন খাঁসহ ৬ জন গুরুতর আহত হয়।
গুরুতর আহত মমিন খাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত মমিন খাঁর ভাতিজা ও সালটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান জানান, ‘আমার চাচা মমিন খাঁ আজন্ম বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। সন্ত্রাসীদের হাতে তাকে প্রাণ দিতে হল।’
আরও পড়ুনঃ জন-বান্ধব প্রশাসন নিশ্চিত করতে চাই গুণমানের নেতৃত্ব: ড. আতিউর
গফরগাঁও থানার মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, ‘এ ঘটনায় কোনো মামলা নেই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু
