স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের হতাশা ঝেরে নতুন করে শুরু করেছে ব্রাজিল দল। শেষ পাঁচম্যাচের সবকটিতে জিতে দারুণ কিছুর ইঙ্গিতই দিচ্ছে সেলেসাওরা। ব্রাজিল কোচ তিতে জানালেন দলের রসায়নে ভারসাম্য আনতে আরেক কোচ পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি থেকে অনুপ্রেরণা নেন তিনি।
শনিবার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নেইমারের একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়েছে ব্রাজিল। তবে ম্যাচটিতে উরুগুয়েও ছেড়ে কথা বলেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে এডিসন কাভানি এবং লুই সুয়ারেজদের নিয়ে গড়া আক্রমণকে বশে রাখতে পেরে সন্তুষ্টিই প্রকাশ করেছেন।
তিতে বলেন, ‘এটা দক্ষিণ আমেরিকান ডার্বি ছিল। তারা দুটো ভিন্ন কৌশলে খেলেছে এবং দুটোতেই বেশ ভালো খেলেছে। তারা সুযোগ তৈরি করেছে এবং আমাদের রক্ষণ ভাঙতে সক্ষম হয়েছে। তাদের আক্রমণভাগে বেশ ভয়ঙ্কর কিছু খেলোয়াড় আছে।’
উরুগুয়ের দারুণ নৈপুণ্যের পরেও তাদেরকে নিয়ন্ত্রণে রেখেছিল ব্রাজিল। তিতে স্বস্তি প্রকাশ করেছেন এতেই। তিনি বলেন, ‘পুরো ম্যাচে তারা যা করেছে তারপরেও আপনি দেখবেন আমরা তাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। উরুগুয়েকে নিয়ন্ত্রণে রাখতে পারাটা খুব সহজ ছিলো না। এই নিয়ে টানা তিনটি ম্যাচে আমরা কোনো গোল হজম করিনি।’
টানা তৃতীয় ম্যাচে কোনো গোল হজম ছাড়া শেষ করলো তিতের দল। ব্রাজিল কোচ জানালেন ম্যানচেস্টার সিটি থেকে নেওয়া অনুপ্রেরণাই দলে ভারসাম্য আনতে সাহায্য করেছে তার দলকে। তিনি আরো বলেন, ‘এই ম্যাচে আমাদেরকে হারানোর দারুণ এক চেষ্টাই করেছে উরুগুয়ে। এবং এটা আমাদের টানা তৃতীয় ‘ক্লিন শিট’ বিশেষ করে এখানে, ইংল্যান্ডে, যখন আমি ম্যানচেস্টার সিটির দিকে দেখি, আমরা ঠিক তাদেরই মত করে খেলায় ভারসাম্য আনার চেষ্টা করছিলাম।’
আগামী বছর ঘরের মাঠে কোপা আমেরিকা আসরকে সামনে রেখে ব্রাজিল এখন থেকেই নিজেদের প্রস্তুতি সেড়ে রাখার কাজটি করে যাচ্ছে। মঙ্গলবার ইংল্যান্ডের মিল্টন কেইনেসে ক্যামেরুনের বিপক্ষে অপর প্রীতি ম্যাচেও তারা এই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। আর চলতি বছর এটাই হতে যাচ্ছে ব্রাজিলের সর্বশেষ ম্যাচ। বেলজিয়ামের কাছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পরাজিত হবার পর এই নিয়ে রেকর্ড টানা পাঁচটি প্রীতি ম্যাচে জয়ী হলো সেলেসাওরা।
