বিনোদন রিপোর্ট
প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ ছবির অভিনেত্রী জহরত আরা মারা গেছেন। বাংলাদেশ তথা তত্কালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ছিল এটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ১৯ জুলাই লন্ডনের একটি হোম কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। এ তথ্য দেশের গণমাধ্যমকে জানিয়েছেন জহরত-এর পারিবারিক বন্ধু ফেরদৌস রহমান।
তিনি জানান, জহরত আরার বয়স হয়ছিল অন্তত ৮০ বছর। তিনি দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
‘মুখ ও মুখোশ’-এর নির্মাণ কাজ ১৯৫৩ সালে শুরু হয়। ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। আবদুল জব্বার খান পরিচালিত এ চলচ্চিত্র ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়। ‘মুখ ও মুখোশ’-এর পথ ধরেই এগিয়ে যায় বাংলাদেশের চলচ্চিত্রশিল্প।
একজন এথলেট হিসেবেও তার সুখ্যাতি ছিল। অভিনেত্রী জহরত আরার জন্ম ঢাকায়। পঞ্চাশের দশকে বেতার ও মঞ্চে অভিনয় করতেন তিনি।
