বিনোদন রিপোর্ট
প্রতিবারের মতো এবারের ঈদেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সেই তালিকায় রয়েছে রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় ‘বড় মিয়ার সাদী মোবারক’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। নাটকটিতে জাহিদ হাসান ছাড়া আরো অভিনয় করেছেন প্রভা, সাজু খাদেম, জামিল হোসেন, নাজনীন চুমকী প্রমুখ। নাটকটি আজ রাত ৯টা ১০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে। নাটকটির গল্পে দেখা যাবে, পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা মোহন মিয়া একজন ব্যবসায়ী। ছোট দুই ভাই সুজন মিয়া, সুমন মিয়া এবং প্রয়াত বড় ভাইয়ের স্ত্রী রাবেয়াকে নিয়ে তার পরিবার। মহল্লায় বড় মিয়া নামে পরিচিত মোহন। বয়স ৪৫ বছর হয়ে গেলেও বিয়ে করতে চায় না সে। ইয়াসমিন নামের এক মেয়ের সঙ্গে গভীর প্রেম ছিল তার। বিয়েও প্রায় ঠিকঠাক হয়েছিল। কিন্তু বিশেষ কারণে তাদের বিয়ে হয়নি। অনেকটা জোর করেই ইয়াসমিনকে তার বাবা অন্যত্র বিয়ে দিয়ে দেয়। মূলত সেই বিরহেই আর বিয়ে করেনি মোহন। অনেকদিন থেকে পরিবারের মানুষরা তাকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু মোহন রাজি হচ্ছে না। শেষ চেষ্টা হিসেবে ছোট দুই ভাই মিলে এক মিশন শুরু করে। রাবেয়ার ছোট বোন জাহানারাকে বাড়িতে নিয়ে আসে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
