সাবিলার ‘অদ-ভূত’

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২০:৩৫

 বিনোদন রিপোর্ট

 

করোনার শঙ্কা নিয়েও এবারের ঈদে একাধিক নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন অভিনেত্রী সাবিলা নূর। নাটকগুলো বিভিন্ন টিভি চ্যানেলসহ অন্যান্য মাধ্যমে প্রচারিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় নাটক ‘অদ-ভূত’। নাটকটিতে ভিন্নরূপে দেখা মিলবে সাবিলার। নাটকটি আজ দুপুর ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, সুমন পাটোয়ারী, আব্দুল্লাহ রানাসহ অনেকে। চমত্কার একটি গল্পের এই নাটকটিতে দেখা যাবে, তুশি সুন্দরী, ভদ্র একটি মেয়ে, তার বাবা-মা তাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে থাকে। কিন্তু বাদ সাধে যখনই কোনো ছেলে তুশিকে দেখতে আসে তখনই তুশির অন্য এক ভূতুড়ে রূপ দেখতে পায় তারা। ভয়ঙ্কর দাঁত দিয়ে কামড় দিয়ে বসে ছেলেদের। এলাকার ছেলে শাকিল তুশির ক্লাসমেট, তুশিকে অনেক ভালোবাসে, তুশিকে দেখে সেও ভয় পেয়েছে। স্থানীয় ধনী ব্যবসায়ী দুলাল সাহেব কারো কথা না শুনে তুশিকে বিয়ে করতে গিয়ে সেও কামড় খায়।

মেয়ের এ অবস্থায় তুশির বাবা-মা ডাক্তার, কবিরাজ দেখাতে থাকে। একজন কবিরাজ তুশির অবস্থা দেখে বলে, তুশিকে একজন সহি, পবিত্র, নামাজী ছেলের সঙ্গে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তুশির বাবা-মা এমন ছেলের সন্ধানে অস্থির হয়ে গেলে, কবিরাজ নিজেই একটা ছেলের খোঁজ দেয় এবং সেই ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। এমন মজার মজার ঘটনায় গল্পটি এগিয়ে যেতে থাকে।