তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে মালিকহীন একটি অসুস্থ ঘোড়া দিগ্বিদিক ছুটে চলেছে। বৃহস্পতিবার ঘোড়াটিকে তাড়াশের নওগাঁ বাজার এলাকায় দেখা গেছে। ঘোড়াটির গায়ে থাকা ঘায়ের বিভিন্ন স্থানে পচন ধরেছে। পচন থেকে একটি চোখ একেবারে অন্ধ হয়ে গেছে। নওগাঁ বাজার এলাকার বাসিন্দা ও নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস সালাম খন্দকার বলেন, ঘোড়াটি ২০-২২ দিন ধরে নওগাঁ বাজারে রয়েছে। খেতে না পেয়ে পশুটি দিনকে দিন দুর্বল হয়ে পড়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেল আলম খান বলেন, ঘোড়াটির বিষয়ে কেউ আমাকে জানায়নি। চিকিত্সা করে বেওয়ারিশ অসুস্থ পশুটিকে সুস্থ করার সর্বাত্মক চেষ্টা করা হবে।
