সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
সারিয়াকন্দি-সোনাতলা উপজেলার মধ্যে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ বাঁধকাম সড়কটি দীর্ঘদিন যাবত্ সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দে পানি জমে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সোনাতলা উপজেলার পাকুল্যা থেকে সারিয়াকান্দি উপজেলা সদর পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কয়েক বছর আগে পাকাকরণ করা হয়। পাকাকরণের পর থেকেই দুই উপজেলার হাজার হাজার মানুষ যানবাহনে এই সড়কে যাতায়াত করেন। একই সঙ্গে গাইবান্ধা জেলার কয়েকটি উপজেলার মানুষও এ পথে সারিয়াকান্দি ও বগুড়া শহরে যাতায়াত করেন। সড়কটি বিধ্বস্ত ও যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ায় মানুষের চলাচলে দুর্ভোগের সীমা নেই। সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী বলেন, সড়কটি পাকাকরণ করে সড়ক ও জনপথ বিভাগ। শুনেছি সংস্কার কাজের জন্য ইতিমধ্যে তারা দরপত্র আহবান করেছে। সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেন, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। তারা কাজ হচ্ছে হচ্ছে বলে সময় ক্ষেপণ করছে। সড়ক ও জনপথ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, শিগিগরই আমরা সড়কের সংস্কার কাজ শুরু করব।
