চাটমোহরের বিলপাড়ে মানুষের ভিড়

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৪৭

স্বাস্থ্যবিধি উপেক্ষিত

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার বিলপাড়ে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সেখানে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। ঈদের দিন মানুষের উপস্থিতি কিছুটা কম থাকলেও ঈদের পরের দিন থেকে সেখানে ভিড় বেড়ে গেছে। করোনা ভাইরাসের এই মহামারির মধ্যেও পরিবার-পরিজন নিয়ে বেরিয়ে পড়েছে প্রায় সবাই।

চাটমোহর-হাণ্ডিয়াল সড়কের বওশা ব্রিজ, ধর্মগাছা ব্রিজ, দরাপুর ব্রিজসহ বিলের মধ্য দিয়ে যাওয়া সড়কে হাজার হাজার মানুষ। নসিমন, করিমন, মোটরসাইকেল, অটোভ্যান, সিএনজিচালিত থ্রি-হুইলারসহ সড়কে অসংখ্য গাড়ির কারণে ছিল তীব্র যানজট। শত শত উঠতি বয়সি ছেলেমেয়ে গুমানী, বড়াল নদীতে নৌকায় ভ্রমণ করছে। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের নির্দেশনা থাকলেও চাটমোহর উপজেলার বোয়ালমারী, দরাপপুর, বওশা ও নিমাইচড়াসহ বিলপাড়ের অন্যান্য এলাকায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বিলের বুকে দ্রত বেগে এক পাশ থেকে আরেক পাশে ছুটে চলছে স্পিডবোট বা শ্যালো ইঞ্জিনচালিত নৌকা। হই-হুল্লোড়ে মেতে উঠছেন সবাই। ছোট বড়, শিশু কিশোর, তরুণ-তরুণী এমনকি বৃদ্ধদেরও মিলনমেলায় পরিণত হয়েছে বিলপাড়।

নানা রকম পণ্য দিয়ে সাজানো হয়েছে দোকানগুলো। বিভিন্ন খেলনা, বাঁশি, বেলুন, মাটির গাড়ি, খাবারের দোকান রয়েছে এখানে। পাবনা থেকে ঘুরতে আসা আসাদুজ্জামান বলেন, বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় ঈদের আনন্দে চলনবিলে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। আমরাও এসেছি প্রকৃতির কাছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, পুলিশ সার্বক্ষণিক চেষ্টা করছে বিনোদন পিপাসুদের স্বাস্থ্যবিধি মানাতে। আমরা যানবাহন চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করেছি।