আগৈলঝাড়ায় সংঘর্ষে আহত ৯

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৪৮

গ্রেফতার ৫

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় বৃহস্পতিবার দুপুরে বাড়ির আসা যাওয়ার পথ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে হামলা ও সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় উভয়পক্ষের পাঁচ জনকে গ্রেফতার করেছে। দুই দফায় উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের মোস্তাফা মোল্লার সঙ্গে একই বাড়ির আবু বক্কর সিদ্দিক মোল্লার বাড়ির আসা যাওয়ার জন্য পথ দেওয়াকে কেন্দ্র করে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

মোস্তাফা মোল্লা জানান, আমার ভোগদখলীয় জায়গার টিনের বেড়া ভেঙে জোর করে আবু বক্কর সিদ্দিক রাস্তা নিতে চাইলে বাধা দিলে হামলা চালায়। এ সময় ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চাইলে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুই পক্ষকে থানায় নিয়ে যায় এবং পরবর্তী সময় বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষকে শান্ত থাকতে বলেন। পরে আবু বক্কর বাড়ি এসে ১০/১২ জন নিয়ে আবারও হামলায় চালায়। এতে ৯ জন আহত হন।

আবু বক্কর সিদ্দিক জানান, বাড়ি থেকে বের হওয়ার জন্য মোস্তাফা মোল্লার জায়গা নিতে চাইলে তাদের সঙ্গে বাগিবতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক আলী হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের কোডন মোল্লা, আনিচ মোল্লা, বশির সরদার, আরিফ মোল্লা ও শরীফ মোল্লাকে গ্রেফতার করে। তাদের শুক্রবার সকালে বরিশাল আদালতে পাঠিয়েছে পুলিশ।