পৃথকভাবে বিশ্ব ইজতেমা করবে তাবলিগের দুই গ্রুপ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৫

রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাতের দুই গ্রুপ পৃথকভাবে এবার ইজতেমা করবে। দু’গ্রুপ দুইপর্বে নিয়ন্ত্রণ করবে ইজতেমা। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি তাবলিগের দেওবন্দপন্থি মুরুব্বি মাওলানা মো. যুবায়েরের তত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী দুদিন ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালিত হবে ভারতের সাদ কান্দলভীপন্থি সৈয়দ ওয়াসিফুল ইসলামের তত্বাবধানে।

গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ে এক সভায় তাবলিগ জামাতের দুপক্ষের মুরুব্বিরা এ বিষয়ে যৌথ সিদ্ধান্তে পৌঁছেছেন। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দুই পক্ষ নিজেদের মতো করে ইজতেমার আয়োজন করে মোনাজাত করে চলে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় এ বছর আমরা অত্যন্ত সুন্দর ও সৃশৃঙ্খলভাবে বিশ্ব ইজতেমার আয়োজন করতে সক্ষম হব, ইনশাআল্লাহ। সভায় উপস্থিত ছিলেন দাওয়াতে তাবলিগের মুরুব্বি মাওলানা মো. যুবায়ের (প্রিন্সিপাল ও আহলে শূরা, মাদরাসা উলুম-ই-দ্বীনিয়া মালওয়ালী মসজিদ, কাকরাইল, ঢাকা) সৈয়দ ওয়াসিফুল ইসলাম (আহলে শূরা, তাবলিগ জামাত, কাকরাইল মারকাজ মসজিদ, ঢাকা), মাওলানা ওমর ফারুক (আহলে শুরা, মাদরাসা উলুম-ই-দ্বীনিয়া মালওয়ালী মসজিদ, কাকরাইল) এবং মাওলানা মো. মোশাররফ হোসেন (আহলে মূরা, তাবলিগ জামাত, কাকরাইল মারকাজ মসজিদ)। সভায় ধর্ম সচিব মো. আনিছুর রহমান এবং জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) আবু বকর ছিদ্দীক প্রমুখ উপস্থিত ছিলেন ।