চরভদ্রাসনে নৌযান ও ঘাট কর্তৃপক্ষকে জরিমানা

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৪৯

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

চরভদ্রাসনে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত পণ্য পরিবহন, নৌযানের রেজিস্ট্রেশন না থাকা, নাবিক স্বল্পতাসহ বিভিন্ন অপরাধ এবং গোপালপুর আন্তঃজেলা ফেরিঘাটে টোলচার্ট না থাকায় এসব জরিমানা করা হয়। পদ্মা নদীর বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করেন নৌ-পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি ও নির্বাহী হাকিম (সমগ্র বাংলাদেশ) ইমদাদুল হক তালুকদার।

চরভদ্রাসন-মৈনুট আন্তঃজেলা ফেরিঘাট কর্তৃপক্ষের আকমাল হোসেনকে ১ লাখ টাকা, নৌ-পরিবহন এমটি জেবুন্নেছার মো. আবুল খায়েরকে ৫০ হাজার, এম ভি কাঠাল বাড়ীর নূরুল ইলামকে ৩০ হাজার, সামচু মাঝি পরিবহনের মো. নুরুকে ২০ হাজার, মায়ের দোয়ার শাহেব আলীকে ২০ হাজার, তিন ভাই পরিবহনের জয়নাল শেখকে ২০ হাজার, ভাই ভাই পরিবহনের মো. মোকলেস মৃধাকে ২০ হাজার ও আকাশ পরিবহনের মো. সগিরকে ৫ হাজার টাকা ও আরো দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।