স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ এক ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ছতর মুর্মু (৮০)। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলার কৈকুড়ি গ্রামে। গ্রামটি পড়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার অধীনে।
কর্ণহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, গত ১৯ জুলাই সকাল থেকে নিখোঁজ ছিলেন ছতর মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি জঙ্গলের মধ্যে ছতরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এরপর ছতরের বাড়িতে খবর দেওয়া হয়। পরে বিষয়টি থানায় জানানো হয়। এরপর তারা ঘটনাস্থলে যান। ওসি আরো জানান, কী কারণে ছতরের মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তারা সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠাবেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। তবে এ ব্যাপারে আপাতত অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।
