জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
নিখোঁজ হওয়ার দুই দিন পর শুক্রবার সকালে ভৈরব নদ থেকে জীবননগর পৌর শহরের লক্ষ্মীপুর ব্রিজপাড়ার এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রিমন হোসেন (২৬)। তিনি জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের ব্রিজপাড়ার সাবেক পৌর কাউন্সিলর সামসুজ্জামান হান্নুর ছেলে।
নিহতের ভাই রিজভী আহম্মেদ জানান, ঈদের দিন বুধবার দুপুরে রিমন নিখোঁজ হন। গত দুই দিন আশপাশের কোথাও তাকে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার জীবননগর থানায় সাধারণ ডাইরি করা হয়। শুক্রবার সকালে বাড়ির পাশে ভৈরব নদে স্থানীয়রা রিমনের লাশ ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। পরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে জীবননগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
