সরিষাবাড়ীতে ঢিলেঢালা লকডাউন
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা সরিষাবাড়ীতে সরকারঘোষিত ঈদুল আজহা-পরবর্তী কঠোর লকডাউন শুক্রবার ভোর ৬টা থেকে ঢিলাঢালা ভাবে শুরু হয়েছে। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও অটোরিকশা, অটোভ্যান, ভটভটি ও বাইক চলাচল করতে দেখা গেছে। বাজারে চলছে সেলুন, খাবারের দোকান, মিষ্টি ও কাঁচাবাজারে মানুষ নিরাপদ দূরত্ব না মেনে কেনাকাটা করছে।
ফোন দিলেই পৌঁছে যাবে অক্সিজেন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে অক্সিজেনের অভাবে কোনো রোগীর যাতে শ্বাসকষ্টে মৃত্যু না হয় সেজন্য করোনা আপডেট কুড়িগ্রাম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ফোন করলেই উপজেলায় বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে। আর এ অক্সিজেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ফোন করলেই করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীর বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেবেন সংগঠনটির সদস্যরা।
এতিম ও অসহায়দের মধ্যে গরুর মাংস বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রামে এতিম, অসহায় ও হতদরিদ্র ৭০ জন নারী-পুরুষের মধ্যে বৃহস্পতিবার গরুর মাংস, নগদ টাকা ও মাস্ক বিতরণ করা হয়েছে। এসব বিতরণ করেছে সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবিএসএস)। এ উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা মজুমদার বাড়ির সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনা উপসর্গে দুই জনের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯১৫ জনে।
পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
ইত্তেফাক ডেস্ক নোয়াখালী ও চট্টগ্রামের রাউজানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নোয়াখালী :জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে ঈদ উপলক্ষ্যে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—জান্নাতুল মাওয়া মাহি (৯) ও মো. আফজাল হোসেন (৭)। রাউজান (চট্টগ্রাম) :রাউজানে বৃহস্পতিবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো—সাকিবা আক্তার (৬) ও আনিছা আক্তার (৬)। উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শমশেরনগর এলাকার গাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ঝুঁকিতে চা-বাগানের শ্রমিকরা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা করোনা ভাইরাস থেকে রক্ষায় ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। তবে এ সময়ও সচল রয়েছে কমলগঞ্জের চা-শিল্প। কোনো ধরনের স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার ছাড়াই কর্মরত রয়েছেন শত শত শ্রমিক। শমশেরনগর বাগানের চা-শ্রমিক সন্তান মোহন রবিদাস ও ইউপি সদস্য সীতারাম বীন বলেন, চা-শ্রমিকদের মুখে নেই মাস্ক। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। তারা আরো বলেন, করোনা ভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে আছে দেশের চা-শ্রমিকরা। তবে শমশেরনগর চা-বাগান ম্যানেজমেন্টের এক কর্মকর্তা নিজের নাম গোপন রেখে বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক চা-শিল্পে স্বাস্থ্যবিধি মেনেই কাজকর্ম পরিচালিত হচ্ছে।
