বান্দরবান বোমাং রাজবিহারের দশম রাজগুরু কেতু মহাথেরোর অভিষেক

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৫১

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান বোমাং সার্কেলের বোমং রাজবিহারের দশম রাজগুরু বিহারাধ্যক্ষ হিসেবে কেতু মহাথেরকে অভিষিক্ত করেছেন বোমাং রাজা উচপ্রু চৌধুরী। অভিষেক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং রাজপরিবারের সদস্যবৃন্দ ও বিহার পরিচালনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মন্ত্রী বীর বাহাদুর ফুলের তোড়া দিয়ে দশম রাজগুরুকে বরণ করে নেন। গত বুধবার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে  এই অভিষেক অনুষ্ঠান করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে আয়োজন করা হয়।

 বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মংএপ্রু চৌধুরী ও কেএসমং মারমা জানান, বোমাং রাজ পরিবার ১৮০৪ সালে বর্তমান বান্দরবান জেলা শহরের রাজবিহারটি প্রতিষ্ঠিত করেন। এটি বোমাং সার্কেল বা বান্দরবান বৌদ্ধধর্মাবলম্বীদের কেন্দ্রীয় রাজবিহার হিসেবে পরিচিত। এ বিহারের অষ্টম রাজগুরু উচহ্লা ভান্তে গত বছরের ১৩ এপ্রিল মারা যান। এরপর জ্ঞানপ্রিয় মহাথের গত বছরের ১১ জুলাই নবম রাজগুরু হিসেবে অধিষ্ঠিত হন। দুই মাস পর তিনিও মারা যান। তখন থেকে রাজগুরু পদটি শূন্য ছিল। নতুন অধিষ্ঠিত রাজগুরু কেতু  মহাথের কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

 বর্তমান রাজগুরু কেতু মহাথের ১৯৬৮ সালের ২ সেপ্টেম্বর জেলার থানচি উপজেলায় জম্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে উপসম্পদা গ্রহণ করে ভিক্ষু হন। বাংলাদেশে পড়াশোনা শেষে মিয়ানমারে বুদ্ধ দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন। এখানে আসার আগে কেতু মহাথের হাংসামা বিহারে বিহারাধ্যক্ষ হিসেবে ছিলেন।