জামালপুরে বিএনপি নেতার ভাইসহ গ্রেফতার ২

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২১:৫২

নাশকতার মামলা

জামালপুর প্রতিনিধি

নাশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও যুগ্ম সম্পাদক শিবলী নোমান ইদ্রিসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে সদর থানা পুলিশ। গত মঙ্গলবার ভোরে তাদেরকে জামালপুর শহরের বাগানবাড়ি এলাকা থেকে আটক করা হয়। পরে দু’জনসহ অজ্ঞাত পরিচয়ের আরও ২০/২৫ জনের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়।

আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন । তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুনের বড় ভাই। তার বাসা শহরের কাচারিপাড়ায়। অপরজন শিবলী নোমান ইদ্রিসের বাসা শহরের বাগানবাড়ি এলাকায়।

সদর থানা সূত্র জানায়, গত সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে পুলিশের কাছে খবর আসে জামালপুর শহরের বাগানবাড়ি এলাকায় শিবলীর বাসায় বিএনপি ও জামায়াতের কিছু লোক নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জমায়েত হয়ে গোপন বৈঠক করছেন। এ সময় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ওই বাসায় গেলে সেখানে ২০-২৫ জন লোক পুলিশের ওপর হামলা করে। এ অবস্থায় রেদোয়ান ও শিবলীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। হামলাকারীদের আঘাতে এসআই মো. সিরাজুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত ও লাঞ্ছিত হন।

এ ঘটনায় সদর থানার এসআই মো. খায়রুল ইসলাম বাদী হয়ে রেদোয়ান ও শিবলীসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান সাংবাদিকদের জানান, গ্রেপ্তার রেদোয়ান ও শিবলীকে মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।